চিতলমারী মৎস্য আড়তে ভ্রাম্যমান আদালতের জরিমানা
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারের ৪টি চিংড়ি আড়তে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকৃত চিংড়ি আড়তে জরিমানার টাকার পরিমাণ হলো, মায়ের দোয়া মৎস্য আড়তে ২০হাজার, মধুমতি মৎস্য আড়তে ২০হাজার, নুরজাহান মৎস্য আড়ত ১০ হাজার ও জয়বাংলা মৎস্য আড়ৎ থেকে ১০ হাজার টাকা।
নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন বিধিমালা ১৯৯৭ সংশোধিত ২০০৮, ধারা ৪(১) ৪(৩) মতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, অনেক মৎস্য আড়তে অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্সবিহীনভাবে আড়ত ব্যবসা চালানো এবং লাইসেন্স নবায়ন না করার অভিযোগ রয়েছে। অভিযানকালে সেইসব অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা ধার্য করা হয়।
