মঠবাড়িয়ায় ওসির ওপর হামলা মামলায় ১৪ আসামীর জামিন
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর ওপর হামলা করার মামলায় আটককৃত ১৪ আসামীকে জামিন দিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট।
সোমবার সকালে মামলার রিমান্ডের আবেদনের শুনানির দিন থানা পুলিশ ১২ আসামীর ৫ দিন রিমান্ড আবেদন করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট বেল্লাল হোসেন রিমান্ড নামঞ্জুর করে ১৪ আসামীর জামিনের আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলো সুমন (৩৫), ইসাহাক বয়াতী (৩৩), নামজুল হোসেন (২২), ইদ্রিস বয়াতী (২৮), রুবেল মিয়া (২৫), রুবেল আকন (২৬), জুবায়ের (২৮), মনির মাতুব্বর (৪০), ইসমাইল (২৩), নজরুল (৩৬), মনির হাওলাদার (২৮), চন্দন মিত্র (২৮), শফিকুল ইসলাম মিলন (২৩), রোজিনা বেগম (৪০)।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ২০১৭ সন্ধ্যায় তুষখালী লঞ্চঘাটে একটি হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে বিবাদমান দুুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে মঠবাড়িয়া থানার ওসি কে এম তারিকুল ইসলাম আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে সরকারী কাজে বাঁধা দেয়ার অভিযোগ এনে ৮ অক্টোবর ৩৮ জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১৪ আসামিকে থানা পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
