পিরোজপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত
‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য অধিকার বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস- ২০১৭। এ উপলক্ষে সোমবার অনুষ্ঠিত হয়েছে জমায়েত, র্যালি ও আলোচনা সভা।
সকালে পিরোজপুর জেলগেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে আইনজীবী, নারী নেত্রী, বিভিন্ন পেশার সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি, গৃহিনী, সাংবাদিক, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণ অংশগ্রহন করেন।
খাদ্য অধিকার বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির সভাপতি জিয়াউল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন তালুকদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খাদ্যে স্বংসম্পূনর্তা অর্জন করতে হলে আমাদের কৃষির উপর নির্ভর করতে হয়, তাই কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। কিন্ত প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগের কারনে কৃষিতে মারাত্মক বিপর্যয় ঘটে। যা সম্প্রতি আমরা দেখছি দেশের হাওর অঞ্চলে। সুষম খাদ্য আমাদের দেশে প্রচুর পরিমানে পাওয়া যায় কিন্ত আমাদের গ্রামীন জনসাধারণ এমনকি শহরের বাসিন্দারা সুষম খাদ্য সম্পর্কে অসচেতন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম মন্টু, পৌর কাউন্সিলর মোঃ সাদউল্লাহ লিটন, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, এরিক’র নির্বাহী পরিচালক মোঃ মাইদুল ইসলাম, টিআইবি ম্যানেজার পুলক রজ্ঞন পালিত, সাংবাদিক মোঃ খেলাফত হোসেন খসরু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা কমিটির কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম পান্না।
