স্বরূপকাঠিতে কলেজের ছাদ থেকে পড়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু
স্বরূপকাঠির শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের নির্মানাধীন নতুন ভবনে কাজ করতে গিয়ে তিনতলা থেকে নিচে পড়ে মোঃ আফজাল শরীফ (৬০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ র্দুঘটনা ঘটে। নিহত শ্রমিক পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলা সদরের মৃত হাতেম আলী শরীফের ছেলে।
জানাযায়, ওই দিন বিকেলের দিকে কলেজে নতুন ভবনের তিনতলায় ওই শ্রমিক নির্মান কাজ করছিল। এমন সময় আফজাল শরীফ বাঁশ ভেঙ্গে তিনতলা থেকে নিচে পড়ে যায়। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার অবস্থা খুবই গুরুতর দেখে তাকে বরিশাল শেবাচিমে পাঠানোর ব্যবস্থা করলে পরক্ষনেই ওই শ্রমিকের মৃত্যু হয়।
কলেজের সমাজ বিজ্ঞান শাখার প্রভাষক মোঃ মাহমুদুর রহমান খান বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। তবে খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে জানতে পারি গুরুতর ওই শ্রমিককে বরিশালে পাঠানোর ব্যবস্থার সাথে সাথেই তার মৃত্যু ঘটে।
স্বরূপকাঠি থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনা শুনেছি, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেহ কোন অভিযোগ দেয়নি।
