পিরোজপুরে হত্যা চেষ্টা মামলায় তিনজনকে সাত বছরের কারাদন্ড
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক দম্পতিকে আহত করার ঘটনায় তিনজনের সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, মঠবাড়িয়া উপজেলার আমুরবুনিয়া গ্রামের ওহাব আলীর ছেলে জাকির হোসেন পাকিস্থান (৪০) ও তার ভাই মোঃ আইউব আলী টিক্কা (৩৮) এবং একই গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে হোচেন হাওলাদার।
মামলার বিবরনী সূত্রে জানা যায়, ২০১১ সালের ৮ আগস্ট পারিবারিক বিরোধের জের ধরে দিনগত রাত ১টায় আসামীরা মামলার বাদী মনিরুজ্জামান মন্টু ঘরে সিঁধ কেটে ঢুকে হত্যার উদ্দেশ্য বাদীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে বাদীর মাথার ডান পাশের চোখের কোনায় ও ডান হাতে গুরুতর জখম হয়।
বাদীর স্ত্রী সালমা বেগম উদ্ধার করতে গেলে তাকে মারপিঠ করে। এ সময় বাদীর স্ত্রী টর্চ জালিয়ে আসামী চিনতে পায়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করতে আসলে আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় মনিরুজ্জামান বাদী হয়ে তিনজের বিরুদ্ধে মামলা করেন।
ওই বছরের ১০ নভেম্বর মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল সালাম তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন। এছাড়া জাকিরকে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড দেন।
