মঠবাড়িয়ায় অপহরণের দেড়মাস পর প্রবাসীর স্ত্রী উদ্ধার
অপহরনের দেড় মাস পর অবশেষে প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার নাজমাকে (২২) শুক্রবার বিকেলে উদ্ধার করতে সক্ষম হয়েছে মঠবাড়িয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মংলা থানার সিগন্যাল টাওয়ার এলাকা থেকে মংলা থানা পুলিশের সহায়তায় নাজমাকে উদ্ধার করা হয়।
এসময় মূল অপহরণকারী আল মাসুদকে (২০) গ্রেফতার করা হয়। আল মাসুদ উপজেলার বাদুরা গ্রামের শাহ আলমের ছেলে ও নাজমা উপজেলার বাদুরা গ্রামের জালাল পঞ্চায়েত এর মেয়ে এবং পার্শ্ববর্তী মিরুখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী সহিদুল ইসলামের স্ত্রী।
থানা পুলিশ শনিবার সকালে অপহরনকারী আল মাসুদকে আদালতে সোপর্দ করে এবং নাজমাকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করেন।
উল্লেখ্য, বাদুরা গ্রামের শাহ আলম ফরাজীর পুত্র ভাড়ায় চালিত মটরসাইকেল ড্রাইভার আল মাসুদ (২০) দীর্ঘদিন ধরে নাজমাকে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। প্রতিবেশীর কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় গত ২৪ শে আগষ্ট’১৭ সকালে নাজমা স্থানীয় বাদুরা বাজারে যাওয়ার পথে শিশু নিকেতন কিন্ডার গার্ডেনের সামনে থেকে নাজমাকে রুমালে চেতনা নাশক ঔষধ ব্যবহার করে তুলে নিয়ে পালিয়ে যায়।
এব্যপারে অপহৃতার পিতা মোঃ জালাল পঞ্চায়েত বাদী হয়ে আল মাসুদসহ ৪জন নামীয় ও আরও ২জনকে অজ্ঞাতনামা আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই বিকাশ চন্দ্র দে জানান, মংলা থানা পুলিশের সহায়তায় শুক্রবার বিকেলে তাদের গ্রেফতার করি। আসামীকে শনিবার আদালতে ও নাজমার মেডিকেল টেষ্টের জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় পাঠানো হয়েছে।
