পাইকগাছায় প্রাইভেট শিক্ষককে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ
পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে নারী ও শিশু নির্যাতন মামলা দিয়ে প্রাইভেট শিক্ষককে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। হয়রানি মূলক মামলা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রাইভেট শিক্ষক ও তার পরিবার।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলা চাঁদখালী ইউনিয়নের দক্ষিণ গড়েরআবাদ গ্রামের শামছুর সানার ছেলে আফসার সানা (২৭) পেশায় একজন পাঠশালার শিক্ষক। খুলনার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স পাস করে একদিকে চাকুরির চেষ্টা করছেন, অপরদিকে পাঠশালার মাধ্যমে নিজ এলাকার ছেলে-মেয়েদের লেখা-পড়া করাচ্ছেন। এর পাশাপাশি তিনি দক্ষিণ গড়েরআবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষকতারও দায়িত্ব পালন করেন। এছাড়া এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন। আর এসব কাজ করতে গিয়ে এলাকার কিছু লোকের কাছে তিনি শত্রু হয়ে পড়েছেন। বিশেষ করে স্কুলের শিক্ষকের চাকুরি, ক্রিকেট খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে একই এলাকার কফিল উদ্দীন মোল্লার ছেলে এবাদুল মোল্লা গংদের সাথে বিরোধ সৃষ্টি হয়। বিরোধকে কেন্দ্র করে তাদের দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগ এনে এবাদুল বাদী হয়ে আফসারের বিরুদ্ধে গত রোববার থানায় মামলা করে।
এ ব্যাপারে আফসারের ভাই মৌখালী বাজার জামে মসজিদের ইমাম আবুল কালাম জানান, আমার ভাই এলাকার ভদ্র ও শিক্ষিত যুবকদের মধ্যে একজন। সে প্রতিদিন এলাকার অসংখ্য ছেলে-মেয়েদের লেখা-পড়া শেখায়। যে স্থানে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে, সেখানে অসংখ্য ছেলে মেয়ে পড়তে আসে। এ ধরণের অভিযোগ কেউ কখনো করেনি। সম্পূর্ণ পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইকে হয়রানি করতেই এবাদুল গংরা তাদের কোমলমতি শিশুদের ব্যবহার করে নারী ও শিশু নির্যাতন মামলা করেছে। বিষয়টি সঠিক তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি জানান।
