পাইকগাছায় প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
পাইকগাছায় আফসার সানা (২৭) নামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ গড়ের আবাদ গ্রামের দুই শিশু ঘটনার দিন শনিবার দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। এ সময় একই এলাকার শামছুর সানার ছেলে প্রাইভেট শিক্ষক আফসার সানা তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার মৎস্য ঘেরের বাসায় ডেকে নিয়ে তাদের উপর যৌন নির্যাতন করে। এ সময় শিশুদের আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে। এ ঘটনায় নির্যাতনের স্বীকার এক শিশুর পিতা বাদী হয়ে আফসার সানাকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। যার নং- ০১, তাং ১/১০/১৭ ইং।
এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষথেকে থানায় লিখিত অভিযোগ করা হয়। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে। তবে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বিষয়টি অধিক গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। মামলার (তদন্ত) কর্মকর্তা এসআই আবু সাঈদ জানান, দুই শিশুকে পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী প্রাথমিক ভাবে ঘটনা সঠিক বলে মনে হয়েছে।
তবে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে এবং গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামী পলাতক থাকায় এখনো পর্যন্ত আটক করা সম্ভব হয়নি বলে মামলার তদন্ত এ কর্মকর্তা জানিয়েছেন।
