হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত
স্টাফ রিপোর্টার :
পিরোজপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মোঃ শহিদ (২০) হত্যা মামলায় সোহেল হাওলাদার (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তিন বছরের কারাদন্ড ও পাঁচ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত সোহেল হাওলাদার পিরোজপুর পৌর শহেরর বড় খলিশাখালী গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, বাগেরহাট সদর উপজেলার খারদার গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মোঃ শহিদের সঙ্গে সোহেল হাওলাদারের ভাল সর্ম্পক ছিল। সোহেল বাগেরহাটের নোনাডাঙ্গা এলাকায় বসবাস করত। ২০১০ সালের ২৯ আগস্ট সোহেল শহিদকে নিয়ে তার মোটরসাইকেলে পিরোজপুরের বড় খলিশাখালি গ্রামে আসেন। এরপর দুপুর ১টার দিকে শহিদ কে নিয়ে সোহেল ডাব খাওয়ার জন্য পাশ^বর্তী ওদোনকাঠি গ্রামে বাগানবাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে গিয়ে শহিদকে দায়ের পিছনের অংশ দিয়ে মাথায় আঘাত করে এবং শ^াসরোধ করে হত্যা করে। পরে লাশ ডোবার মধ্যে ফেলে রাখে। ঘটনার পর দিন ভাড়ায়চালিত মোটরসাইকেলের মালিক লিটন শেখ শহিদকে খুঁজে না পেয়ে সোহেলের বাড়ির ঠিকানা সংগ্রহ করে পিরোজপুরে আসেন। এরপর সোহেলের বাড়িতে গিয়ে সোহেলের মাসহ ওদোনকাঠি গ্রামের প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়ে বাগান বাড়িতে যান। সেখানে একটি ডোবার মধ্যে শহিদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এ ঘটনায় লিটন শেখ বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা করেন। পুলিশ সোহেলকে গ্রেফতার করলে হত্যার কথা স্বীকার করে।
২০১০ সালের ২২ অক্টোবর পিরোজপুর সদর থানার উপ পরিদর্শক বাদল কৃষ্ণ সোহেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ১২ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক এ রায় দেন। সরকার পক্ষের আইনজীবি ছিলেন পিপি খান মোঃ আলাউদ্দিন এবং আসামীর পক্ষে ছিলেন দেলোয়ার হোসেন।
