এডুকেশন ওয়াচ প্রতিবেদন নিয়ে পিরোজপুরে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :
সাক্ষরতা, দক্ষতা ও জীবনব্যাপী শিক্ষা: টেকসই উন্নয়নের চতুর্থ লক্ষ্য অর্জনে বাংলাদেশের অবস্থান বিষয়ে রবিবার সকালে পিরোজপুর টাউন ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সেখ।
আফতাব উদ্দীন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাস, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষ ব্যুরোর সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার, সদর উপজেলা শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েল, এজিও প্রতিনিধি মাইদুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা, অধ্যাপক মৌমিতা সরকার, নাগরিক প্রতিনিধি সালেউদ্দিন সেলিম, অধ্যাপক ঈশ্বর চন্দ্র দাস, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাংবাদিক ও আইজীবী মাহামুদ হোসেন, প্রধান শিক্ষক হোসনেয়ারা, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশনের টিটিসি অধ্যক্ষ মাহাবুব হোসেন, মহিলা পরিষদের সভাপতি সাহিদা বারেক, এসএমসির সহ শিক্ষক এমাদুল হক, প্যানেল মেয়র আঃ সালাম বাতেন প্রমুখ।
জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, এসডিজি ৪ এর লক্ষ্য মাত্রা অর্জনে সকলকে যারযার অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। শিক্ষা এবং দক্ষতা অর্জন একাডেমী শিক্ষার মাধ্যমে অর্জন করা সম্ভব। আমাদের পরিবেশের উপর নির্ভর করে শিক্ষা। তিনি বলেন, হাওর অঞ্চলের জনগণ প্রতিকুল পরিবেশের কারনে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তার মধ্যেও বসে থাকলে চলবে না। শিক্ষা শিক্ষাই। শিক্ষার কোন বিকল্প নাই।
এসময় তিনি আরো বলেন, দেশ ও জাতির উন্নয়নে সকলকে শিক্ষা অর্জন করতেই হবে। বর্তমান সরকার শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। প্রাথমিক শিক্ষায় শত ভাগ ভর্তি নিশ্চিত সহ ঝরে পরা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এরকম একটি মত বিনিময় সভা আয়োজনের জন্য তিনি পিরোজপুর গণ উন্নয়ন সমিতি ও গণ সাক্ষরতা অভিযানকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিরোজপুর গন উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান।
পিরোজপুর গন উন্নয়ন সমিতি ও গণ সাক্ষরতা অভিযান এর আয়োজনে এ মত বিনিময় সভার সহযোগিতা করে ইউরোপিয়ান ইউনিয়ন।
