প্রধান সূচি

দলের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

ষ্টাফ রিপোর্টার :

আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থায়ী কমিটির নির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ অন্যতম বৃহৎ একটি দল। দলের নেতা-কর্মীদের মধ্যে কিছু দ্বিধা-দ্বন্দ্ব থাকতে পারে। তবে এটা সাময়িক। দলের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য একেএমএ আউয়ালের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট খান মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহমান।

বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মহিউদ্দিন মহারাজসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্কিট হাউজের ভিআইপি কক্ষে পিরোজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি একেএমএ আউয়াল এমপি, তার ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেককে নিয়ে এক রুদ্ধধার বৈঠক করেন। এ বৈঠকের এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদারকেও ডেকে নেয়া হয়।

জানা গেছে, এমপি আউয়ালের এবং তার ভাইদের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তির লক্ষেই এ রুদ্ধধার বৈঠক করা হয়। তবে এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা জেলা নেতৃবৃন্দ কোন মন্তব্য করেন নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial