জেলায় বেড়েছে মন্ডপের সংখ্যা
৪শত ৭৪টি মন্দিরে চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ পর্যায়ের প্রস্তুতি
স্টাফ রিপোর্টার :
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পিরোজপুর জেলার সর্বত্র উৎসবের আমেজ তৈরী হয়েছে। জেলার বিভিন্ন এলাকার দুর্গামন্দির গুলোতে প্রতিমা তৈরির কাজ চলছে দ্রুত গতিতে।
পিরোজপুর পৌর এলাকার কালীবাড়ি, আখড়াবাড়ী, রাজারহাট, পালপাড়া, রায়েরকাঠী এবং কৃষ্ণনগর সহ বিভিন্ন মন্দির ঘুরে এ চিত্র দেখা গেছে। মন্দিরে মন্দিরে এখন চলছে প্রতিমা রং এর কাজ। আগামী ১৯ সেপ্টেম্বর শুভ মহালয়া। শাস্ত্রানুযায়ী এ বছর দেবী দুর্গা নৌকায় আগমন করবেন এবং ঘোটকে চড়ে গমন করবেন।
পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কুমার মন্ডল জানান, ২৫ সেপ্টেম্বর বোধন থেকে শারদীয় দুর্গোৎসব এর মুল পূজা শুরু হবে। ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
জেলা পুলিশের বিশেষ শাখার ডিএসবি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিআই-১ মোঃ মোবাশ্বের আলী জানান, এবার জেলায় ৪৭৪টি পূজা মন্ডপে দুর্গা পূজার আয়োজন চলছে। গত বছরের চেয়ে ১৯টি মন্ডপে বেশি পূজা হচ্ছে। সবচেয়ে বেশি পূজা হচ্ছে নাজিরপুর উপজেলায়।
নাজিরপুরে এবার ৮ টি ইউনিয়নে ১শত ১২টি, পিরোজপুর পৌর এলাকার ১৮টি সদর উপজেলায় ৬৩টি, ভান্ডারিয়া উপজেলায় ৪৩টি, স্বরূপকাঠী উপজেলায় ১০৮টি, মঠবাড়িয়া উপজেলায় ৮৬টি, কাউখালী উপজেলায় ৩৬টি, এবং ইন্দুরকানী উপজেলায় ২৬টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন জানান, সকল মন্দিরে সুষ্ঠ এবং শান্তিপূর্ন দুর্গা পূজা সম্পন্ন করার লক্ষ্যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ জেলার সনাতন ধর্মালম্বীরা নিশ্চিন্তে দুর্গা পূজা উৎসবের আমেজ নিয়ে সম্পন্ন করতে পারবে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন।
