দূর্গা পুজা উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :
শারদীয় দূর্গা পুজা সুষ্ঠভাবে অনুষ্ঠানের জন্য আজ মঙ্গলবার পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, পুজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন পুজা মন্ডপ কমিটির কর্মকর্তাবৃন্দ যোগদেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহমেদ মাঈনুল আহসান, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ মন্ডল, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু, সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জানানো হয় পিরোজপুর জেলা সদরসহ সাতটি উপজেলা ও চারটি পৌরসভায় এ বছর মোট ৪৮৮টি মন্দির ও পূজা মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে।
এদিকে, জেলায় গতবছরের চেয়ে এবছর ১৪টি মন্ডপে পুজা বেড়েছে বলে জেলা পুজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে।
৪৮৮টি মন্ডপের মধ্যে পিরোজপুর সদরে ৬৩, নাজিরপুর ১১২, ইন্দরকানি ২৬, নেছারাবাদ (স্বরূপকাঠী) ১০৯, মঠবাড়িয়ায় ৮৯, ভা-ারিয়ায় ৫৩ এবং কাউখালীতে ৩৬টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। তবে পুলিশ ৪৬২টি মন্ডপের জন্য পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করেছে। এসব মন্ডপে ৪১২৭জন আনসার সদস্যকে নিরাপত্তা কর্মী হিসাবে নিয়োগ দেয়ার জন্য আনসার বিভাগে চাহিদা পাঠানো হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপাশি ভ্রাম্যমান দলে জেলা পুলিশ লাইনস, থানা, ফাঁড়ি এবং রেঞ্জ পুলিশ ফোর্স ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা দায়িত্ব পালন করবেন। চারজন করে এক একটি ভ্রাম্যমান দল থাকবে। এছাড়া র্যাবের একাধিক টহল দলও থাকবে। সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার নিরাপত্তা কর্মী দূর্গা পুজায় দায়িত্ব পালন করবে। পুজা মন্ডপ গুলোকে অতিগুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ এই তিনটি পর্যায়ে বিভক্ত করে নিরাপত্তা দেয়া হবে।
