জমি-জমা বিরোধে প্রতিপক্ষের হামলা || মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাসহ একই পরিবারের তিনজন আহত
মঠবাড়িয়া প্রতিনিধি :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার সকালে থানায় মামলা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই বৃদ্ধ মুক্তিযোদ্ধা কাজেম আলী (৭৪) বাদী হয়ে ৬ জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।
থানা সূত্রে জানা যায়, ছোট পাতাকাটা গ্রামের মুক্তিযোদ্ধা কাজেম আলীর সাথে একই বাড়ির মৃত নাজেম আলীর ছেলে সোবাহান হাওলাদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষ সোবাহান বিভিন্ন সময়ে ওই মুক্তিযোদ্ধার ভোগ দখলীয় জমি জোর পূর্বক দখলের পায়তারা করে আসছিল। সোমবার সকালে ওই জমির ভূমি জরিপ চলাকালে সরেজমিনে সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ারকে জমি ও কাগজপত্র দেখানোর সময় প্রতিপক্ষরা মুক্তিযোদ্ধার বসতঘরে দেশীয় অস্ত্রসহ জোরপূর্বক ঢুকে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ওপর হামলা চলায়। এতে মুক্তিযোদ্ধা ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজেম আলী, স্ত্রী রহিমা বেগম (৬৫) ও তার ছেলে স্থানীয় বিদ্যালয়ের নৈশ প্রহরী রিয়াজ (২৯) গুরুতর আহত হয়। এসময় রিয়াজের স্ত্রী লিমা আক্তার (২২) পরিবারের সদস্যদের বাঁচাতে এলে তার পরিধানের কাপড় চোপড় খুলে শ্লীলতাহানী ঘটায় এবং বসতঘরে ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করা হয়।
আহত ২ জন প্রাথমিক চিকিৎসা নিলেও গুরুতর আহত মুক্তিযোদ্ধা কাজেম আলী ২ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
