মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে স্বরূপকাঠীতে মানববন্ধন ও বিক্ষোভ
স্বরূপকাঠী প্রতিনিধি :
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও তাদের দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে স্বরূপকাঠীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আহ্বানে যুব ও ছাত্র হিযবুল্লাহ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
সকালে জগন্নাথকাঠি বন্দর জামে মসজিদ চত্বরে প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে হিযবুল্লাহর নেতৃবৃন্দসহ সদস্যরা জমায়েত হতে থাকে। কেন্দ্রীয় ছাত্র হিযবুল্লাহর ব্যানারে আয়োজিত ছারছীনা মাদ্রাসার কয়েক হাজার ছাত্র মিছিল করে ওই সমাবেশে একত্রিত হয়ে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে স্বরূপকাঠী-পিরোজপুর সড়কের দু’ধারে দীর্ঘ লাইন জুড়ে মানববন্ধন করে। প্রায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে ডা. মাসুম বিল্লাহর সভাপতিত্বে
বক্ত্যব্য রাখেন, কেন্দ্রীয় জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আলা (মহাসচিব) অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির, বাংলাদেশ যুবহিযবুল্লাহর সভাপতি মাওলানা মোঃ কাজী মফিজউদ্দিন, মুক্তিযোদ্ধা মোঃ জহিরুল হক, ছারছীনা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন ছালেহী, ছারছীনা আলেয়ীয়া মাদ্রাসার মুফাস্সির মাওলানা আ.জ.ম অহিদুল আলম, মাওলানা বোরহান উদ্দিন, বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের উপজেলা শাখার সম্পাদক মাওলানা মশিউর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে নির্যাতিত রোঙ্গিাদের হেফাজত ও কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
