বাগেরহাটে ট্রাক-বাসের সংঘর্ষ ॥ নিহত ২
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের সাথে বনফুল পরিবহন নামের যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন ১৬ জন।
শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে মোতাহার (৫০), আসাদ (৫৫), মিরাজ (১৮), লুৎফুন্নেছা (৫০), তানিয়া (৭), বেল্লাল (২৫), ফাতেমা (৪৮), রহিমা (৪৫), হিরা (১৬) ও রোকসানার (৩৫) অবস্থা গুরুতর।
আহত আসাদ পিরোজপুরের বাসিন্দা। এছাড়া হতাহতদের অনেকের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায়।
ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দে ও বিধান চন্দ্র জানান, মাওয়া-খুলনা মহাসড়কের ফকিরহাটের ফলতিতা নামক স্থানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে বনফুল পরিবহনের যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশের মারাত্মক ক্ষতি হয়। এসময় বাসে থাকা ১৮ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অভিজিৎ পাল জানান, ফকিরহাটের দুর্ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতলে দুজন মারা গেছেন।
