পিরোজপুরের ব্যবসায়ীরা হালাল ভাবে ব্যবসা করে …. হাবিবুর রহমান মালেক
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেক বলেছেন, পিরোজপুরের ব্যবসায়ীরা অসৎভাবে কোন ব্যবসা করে না। তারা নিজেদের চালনা খাটিয়ে, শ্রম দিয়ে হালাল ভাবে ব্যবসা করে খাচ্ছে।
প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে মেয়র বলেন, প্রশাসনের লোকজন বিভিন্ন সময়ে হাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের জরিমানা করে চলছে। তবে এসব মোবাইল কোর্ট পরিচালনা না করে প্রশাসন যদি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের সচেতন করতে পারেন।
শনিবার স্থানীয় টাউন ক্লাব মাঠে পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে পিরোজপুর পৌর এলাকাসহ জেলার ৭টি উপজেলা থেকে কয়েক হাজার ব্যবসায়ী অংশ নেন। সকাল ১১টায় এ সম্মেলন শুরু হয়। এর আগে ব্যবসায়ীরা শহরে এক র্যালী বের করেন।
জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান শেখ আলমের সভাপতিত্বে সম্মেলনের আলোচনা অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃৃন্দ বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে নাগরিক নেতা এডভোকেট এম এ মান্নান, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট খান মোঃ আলাউদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার মন্টু, সাংবাদিক গৌতম চৌধুরী, গোলাম মাওলা নকীব, কালাচাঁদ দাস, তৌহিদ উদ্দিন সেখ, শহীদুল ইসলাম সিকদার, আব্দুর রাজ্জাক সেখ, মোয়াজ্জেম হোসেন, মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
