জঙ্গিবাদ ও মাদকের অভিশাপ বন্ধ করতে নাগরিক সচেতনতা বাড়াতে হবে …. ডিআইজি মোঃ শফিকুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার :
বরিশালের নবাগত ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদ ও মাদকের অভিশাপ যেভাবে বৃদ্ধি পেয়েছে তা শুধু আইন প্রয়োগ করে বন্ধ করা যাবে না। এই জন্য নাগরিক সচেতনতা বাড়াতে হবে। সন্তানরা যাতে এই দুই আগ্রাসন থেকে মুক্ত থাকে তার জন্য অভিভাবকদের বিশেষ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, বরিশাল বিভাগে পুলিশের নিয়মিত কাজের সাথে আমরা তথ্য অভিযোগ বক্স ও বিট পুলিশিং চালু করেছি। যা অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখবে।
জেলা পুলিশের উদ্যোগে গতকাল সোমবার পিরোজপুরে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পিরোজপুরের পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহ আলম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী, উপ-পরিচালক (কৃষি) আবুল হোসেন তালুকদার, সাংবাদিক মাহমুদ হোসেন, জেলা রেজিষ্ট্রার হুমায়ুন কবির ও পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু।
