জেলা পুলিশের তথ্য-অভিযোগ বক্স স্থাপন
স্টাফ রিপোর্টার :
পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে শহরের তিনটি স্থানে তথ্য ও অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।
রবিবার দুপুরে পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন পৌর শহরের মসজিদ মোড়ে এ তথ্য-অভিযোগ বক্স স্থাপন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরে অতিরিক্ত পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হাসান।
উদ্বোধন শেষে পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন বলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলামের নির্দেশে মাদক, সন্ত্রাসী ও পুলিশ সদস্যেদের বিষয়ে তথ্য ও অভিযোগ দেওয়ার জন্য এই বক্স স্থাপন করা হয়েছে। এতে যেকোন ব্যক্তি সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগ দিতে পারবেন। প্রতিদিন সকালে বক্স থেকে আমরা অভিযোগ গ্রহণ করবো এবং ব্যবস্থা নিব। এসময় তিনি আরও জানান, বর্তমানে পৌর শহরের মসজিদ মোড়, সিও অফিস মোড় ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তিনটি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর শহরে আরও দুইটি তথ্য ও অভিযোগ বক্স স্থাপন করা হবে। এছাড়া জেলার চারটি পৌরসভার আরও দশটি তথ্য ও অভিযোগ বক্স স্থাপন করা হবে।
