ইন্দুরকানীতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হামলা ও হয়রানির অভিযোগ
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হামলা ও হয়রানির অভিযোগ করেছে প্রতিপক্ষরা। জানা যায়, উপজেলার চর গাজীপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাহাদুর খানের ছেলে ঢাকায় কর্মরত এপিবিএন এর এএসআই মোঃ মাহাতাব উদ্দিন খান কোরবানীর ঈদের ছুটিতে বাড়িতে এসে তার দুই বোন নাজমা ও ফাতেমাকে নিয়ে রবিবার বিকেলে একই গ্রামের মোতালেব খানের উপর হামলা চালায়। এসময় মাহাতাব উদ্দিন দাও দিয়ে মোতালেব খানকে কোপ দিলে সে সরে যাওয়ায় ঘরের বেড়ায় কোপ লাগে এবং সে প্রাণে রক্ষা পায়।
এ ঘটনায় মোতালেব খান গত সোমবার ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করলে ঘটনার তদন্ত করে পুলিশ উভয় পক্ষকে থানায় ডেকে আপাতত মোতালেব খানের জমিতে অভিযুক্তদের প্রবেশ করতে নিষেধ করেছেন।
মোতালেব খান জানান, স্থানীয় পাড়েরহাট ইউনিয়নের চেয়ারম্যানের শালিশ বৈঠকের রায় না মেনে পুলিশ কর্মকর্তা বার বার আমার উপর হামলা ও হয়রানি করে চলছেন। পুলিশ কর্মকর্তা মাহাতাব উদ্দিন খানের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় একটি ও পিরোজপুর আদালতে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মাহাতাব উদ্দিন খান জানান, মোতালেব খান আমার বোন নাজমা আক্তারের বাড়িতে এসে হামলা চালায়। আমার জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছে। আমার বিরুদ্ধে ওরা মিথ্যা মামলা দিলেও তা নিষ্পত্তি হয়ে গেছে।
