সেই সালেহার পাশে দাড়ালেন স্বরূপকাঠি পৌর মেয়র, ইউএনও এবং ওসি
মোঃ হাবিবুল্লাহ, স্বরূপকাঠি :
স্বরূপকাঠির হাতুড়ে গ্রাম ডাক্তার কর্তৃক ভুল চিকিৎসার শিকার হয়ে হাসপাতালের বেডে কাতরানো সেই হত দরিদ্র সালেহা খাতুন (৬৫) এর চিকিৎসার জন্য সাহয্যের হাত বাড়িয়ে দিলেন স্বরূপকাঠি পৌর মেয়র, ইউএনও এবং থানার ওসি। রবিবার সন্ধ্যার পরে স্বরূপকাঠি পৌর মেয়র মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম দরিদ্র সালেহার দুর অবস্থার কথা জানতে পেরে ছুটে আসেন স্বরূপকাঠির স্বাস্থ্য কমপ্লেক্সে।
এসময় তারা হত দরিদ্র সালেহার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে প্রথমে সেই গ্রাম্য ডাক্তার হীরা লাল বাড়ৈকে গ্রেফতারের জন্য নির্দেশ দেন ইউএনও আবু সাঈদ। পরে মেয়র, ইউএনও, ওসি হাসপাতালের ডাক্তারদের সাথে কথা বলে সালেহার ভাল চিকিৎসার জন্য পরিবারবর্গের হাতে ১৫ হাজার টাকা তুলে দিয়ে রোগীকে বরিশাল শেবাচিমে পাঠানোর ব্যবস্থা করতে বলেন। এসময় তাদের সাথে ছিলেন হাসপাতলের ডাঃ নাজমুল হাসান মাসুদ খান, ডাঃ মোঃ ফিরোজ কিবরিয়া। এর পূর্বে গত ২৬ আগষ্ট শনিবার হত দরিদ্র অসুস্থ সালেহার ব্যাপারে প্রকাশিত খবর পত্রপত্রিকায় প্রকাশিত হলে তা ফেসবুকে শেয়ার হয়। সেই শেয়ারের সংবাদ স্বরূপকাঠি সমাজ কল্যান কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল দেখতে পেয়ে ছুটে আসেন অসুস্থ সালহার পাশে। পরে তিনি রোগী কল্যান তহবিল থেকে তাকে বেশ কিছু টাকার ওষুধ কিনে দেন।
প্রসঙ্গত, গত ১৯ আগষ্ট শনিবার উপজেলার আলকিরহাট বাজারে বসে স্থানীয় পপুলার ফার্মেসীতে ওই গ্রাম্য হাতুড়ে ডাক্তার হীরা লাল বাড়ৈ ৯০০০টাকা চুক্তিতে নিজ চেম্বারে বসে হত দরিদ্র সালেহার ‘ভ্যাজাইনাল প্রোলপস‘ নামের রোগের অপারেশন করেন। অপারেশনের পর থেকে সালেহার অব্যাহত ব্লেডিং হচ্ছিল। পরে তারা ওই হীরা লালের কাছে আবার শরনাপন্ন হলে হীরা লাল অবস্থা বেগতিক দেখে সালেহাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। সেই থেকে সালেহার পেট ফুলে যায় এর্ব সমস্ত খাবারদাবার বন্ধ হয়ে গিয়েছিল। হাসপাতালের ডাক্তার রোগীর অবস্থা দেখে সাথে সাথে বরিশালে রেফার্ড করলেও আর্থিক অসচ্ছলতার কারনে তারা মুচলেকা দিয়ে স্বরূপকাঠি হাসপাতালে বসে চিকিৎসা নিচ্ছেছিলেন। এ নিয়ে গত শনিবার পত্রিকায় খবর প্রকাশিত হয়। এ খবর জানতে পেরে স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদের উদ্যোগে মানব দরদি ব্যাক্তিরা হত দরিদ্র সালেহার পাশে এসে দাড়ান।
