পিরোজপুরে সরকারি শিশু পরিবারে নতুন পোশাক বিতরণ
স্টাফ রিপোর্টার :
পিরোজপুরের সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক এবং প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সোমবার সমাজ কল্যাণ অধিদপ্তর পিরোজপুরের উপ পরিচালক এর কার্যালয় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার দুপুরে সরকারি শিশু পরিবারে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব অনাথ শিশুদের হাতে নতুন বস্ত্র ও প্রসাধনী সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।
জেলা সমাজ সেবার উপ-পরিচালক মোঃ আল মামুন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজ সেবা কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী ও বিটিভির জেলা প্রতিনিধি এস এম পারভেজ বক্তব্য রাখেন।
এসময় জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু শিশুদের প্রাণের অধিক ভালবাসতেন বলেই তিনি সারাদেশে শিশু সদন প্রতিষ্ঠা করে অনাথ এবং পিতৃমাতৃহীন শিশুদের এ শিশু পরিবারে থেকে লেখাপড়া শেখার এবং থাকা-খাওয়ার সু বন্দোবস্ত করেছিলেন। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু পরিবারের শিশুদের সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন এবং তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি শোকের এ মাসে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
