শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কাউখালীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
কাউখালী প্রতিনিধি :
বরগুনার বেতাগীর উত্তর করুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এক শিক্ষিকার গণধর্ষণের ঘটনার বিচার দাবিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেলে কাউখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককেরা।
উপজেলা পরিষদ হতে প্রাথমিক শিক্ষক সমিতি সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষক শিক্ষিকা ও সুধী সমাজের লোক অংশ নেয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি সুব্রত রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, ইউআরসি’র সহকারি ইনস্ট্রাক্টর আল মামুন, সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ ফকির, যুগ্ম সম্পাদক লিটন কৃষ্ণ কর, বিদ্যোৎসাহী আব্দুল লতিফ খসরু, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার, পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দে, শিক্ষক হুমায়ূন কবীর, পদ্মা রানী দত্ত প্রমূখ।
মানববন্ধন শেষে ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাধবী রায়।
