বাগেরহাটে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে পুলিশের উপর হামলা চালিয়ে পান্না বিশ্বাস (৪৪) নামের একাধিক মামলার এক আসামিকে হাতকড়াসহ তার স্বজনেরা ছিনিয়ে নিয়ে গেছে। চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চিতলমারী থানার এএসআই নূর আলম, হাবিবুর রহমান এবং কনস্টবল সাদমান শেখকে আহত অবস্থায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি পান্না বিশ্বাস চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চিংগুড়ি গস্খামের খোকা বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে চিতলমারী থানায় অন্তত ১০টি মাদক মামলার মধ্যে চারটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, এএসআই নূর আলম, হাবিবুর এবং কনস্টবল সাদমান শনিবার সন্ধ্যায় উপজেলার পরাণপুর গস্খাম থেকে পান্নাকে গ্রেপ্তার করেন। সেখান থেকে হাতকড়া পরিয়ে পান্নাকে নিয়ে মোটরসাইকেলে করে থানার দিকে ফেরার পথে পান্নার স্বজনরা লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে পান্নাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে বলে ওসি জানান । হামলার পর পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে পান্নার দুই আত্মীয়কে গ্রেপ্তার করে। এরা হলেন, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের মচন্দপুর গ্রামের ওলিম উদ্দিন বিশ্বাসের ছেলে গাউস বিশ্বাস (৫২) ও একই উপজেলার পরাণপুর গ্রামের আক্কাস মোল্লার ছেলে আসলাম মোল্লা (৪২)।
এসময় ওসি আরো জানান, এ ঘটনায় রবিবার সকালে এএসআই হাবিবুর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ১০/১২ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগ এনে চিতলমারী থানায় একটি মামলা করেছেন।
