স্বরূপকাঠিতে বিদ্যালয়ের লক্ষাধিক টাকার গাছ গোপনে বিক্রির অভিযোগ
স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠি উপজেলার দৈহারী এলাকার শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মনীতি উপেক্ষা করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি প্রায় দেড়লাখ টাকার গাছ গোপনে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি কোনো বিধি বিধান না মেনেই ম্যানেজিং কমিটি গত রবিবার ওই গাছ বিক্রি করেন এবং স্থানীয় সচেতনজনেরা কোন কিছু আঁচ করবার আগেই গত বুধবারের মধ্যে সব গাছ সরিয়ে ফেলেছে। এ নিয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে নানা কথা উঠছে এলাকায়।
কিন্তু ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দৈহারী ইউনিয়ন চেয়ারম্যান প্রগতি মন্ডলের নির্দেশমত সব কিছু করা করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়েল প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ঢালি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরো জানান, তারা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মতে এক লাখ বিশ হাজার টাকায় গাছ বিক্রি করেছেন। সরকারি অনুমতি নিয়ে গাছ বিক্রি করার নিয়ম থাকার বিষয়টি তিনি আগে জানতেন না বলে তিনি দাবী করেন।
তবে স্থানীয়দের দাবী বিক্রি করা ১৩টি মেহগনি ও ৭টি চাম্বল গাছের মুল্য অন্তত পৌনে দু‘লাখ টাকার বেশী হবে। গত বছরও বিদ্যালয় কর্তৃপক্ষ গোপনে প্রায় ৭০ হাজার টাকার গাছ বিক্রি করেন। ত এসব গাছ বিক্রির টাকা কোথায় খরচ করা হয় তা সাধারণ মানুষ জানেন না।
বে-আইনীভাবে গাছ বিক্রি করার কারন কি জানতে চাইলে ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈহারী ইউপি চেয়ারম্যান প্রগতি মন্ডল বলেন, ইউএনওর অনুমতি নিতে হয় এবং সরকারিভাবে মুল্য নির্ধারণ শেষে বিজ্ঞপ্তি প্রকাশের নিয়ম সম্পর্কে আমার জানা ছিল না। বিদ্যালয়টি দায় দেনায় ভরপুর বলে কিছু দেনা শোধ করার জন্য গাছ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ঢালি বলেন, দায় দেনার কোন বিষয় নয়। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল দেওয়া দরকার। তাই গাছ কাটা হয়েছে।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গাছ সরকারি পূর্বানুমতি ছাড়া কাটা যাবে না। এসব আইন কানুন একজন প্রধান শিক্ষক জানেন না এটা কেমন কথা ? ইউএনও বলেন আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
