মঠবাড়িয়ায় স্কুলছাত্রী উর্মি হত্যাকারীর ফাঁসির দাবীতে ১৭টি বিদ্যালয়ে একযোগে মানববন্ধন
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও স্থানীয় সাংবাদিক এর কন্যা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ঊর্মি (১০) কে ধর্ষণ করে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার এবং ফাঁসির দাবীতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। উপজেলার ১৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষক, অভিভাক ও শিক্ষার্থীসহ সহশ্রাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মঠবাড়িয়া পৌর শহরের শহীদ মিনার সম্মুখ সড়কের মানববন্ধন শেষে প্রাথমিক শিক্ষক নেতা আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, শিক্ষক নেতা জাহানারা বেগম, বাবু কাজল দাস, মোঃ মোশাররফ হোসেন, বাবু সুমন্ত্র হালদার, মোঃ শহীদুল ইসলাম ও সাইদুল কবির প্রমূখ।
উল্লেখ্য দৈনিক সরেজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি জুলফিকার আমীন সোহেলের ছোট মেয়ে ঊর্মি নিখোঁজের দুইদিন পর গত ২৩ জুলাই স্থানীয় একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এঘটনায় ওই দিন রাতে নিহতের পিতা সাংবাদিক সোহেল আমিন বাদী হয়ে অজ্ঞাত আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ স্থানীয় কুদ্দুস আকনের পুত্র ছগির আকন (৩৫) কে গ্রেফতার করে। দুই দফায় ছগির রিম্যান্ড শেষে বর্তমানে জেল হাজতে রয়েছে।
