বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে
এ.এস.টি. একাডেমিতে কুইজ প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকের এ মাসে শহরের এ.এস.টি একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির রায়। এসময় বক্তব্য রাখেন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও গৌতম চৌধুরী প্রমুখ। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন তানজিন আফরিন জিসা।
এ কুইজ প্রতিযোগিতায় এ.এস.টি. একাডেমির প্রায় ২ শতাধিক ছাত্রী অংশ নেন এবং বঙ্গবন্ধুর সংগ্রামী কর্মময় জীবনের উপর বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ২০ জন বিজয়ী হয়েছেন এবং শেরে বাংলা পাবলিক লাইব্রেরি নিজস্ব অর্থায়নে এই বিজয়ীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বই পুরস্কার হিসেবে প্রদান করে। এসময় সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোকপাত করেন।
উল্লেখ্য, পিরোজপুরের জেলা প্রশাসক ও শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সভাপতি মোঃ খায়রুল আলম সেখ এর এর অনুপ্রেরণায় শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবসহ কর্মকর্তাবৃন্দ এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। ইতিপূর্বে পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, আফতাবউদ্দিন কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয় ও টাউন মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আলামকাঠী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে শহরের কিয়ামউদ্দিন উচ্চ বিদ্যালয়, করিমুন্নেছা বালিকা বিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কুইজ প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
