পাইকগাছায় মারপিটের ঘটনায় এক গ্রাম পুলিশ আহত
পাইকগাছা প্রতিনিধি :
পুর্ব শত্রুতার জের ধরে মারপিটের ঘটনায় পাইকগাছার চাঁদখালী ইউপির এক গ্রাম পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় গ্রাম পুলিশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউপির ধামরাইল গ্রামের মৃত নরেন্দ্র নাথ রায় এর ছেলে দিলিপ কুমার রায় (৪৬) দীর্ঘ দিন যাবত গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ঘটনার দিন গত রবিবার সন্ধ্যার দিকে একই ইউনিয়নের ফতেপুর গ্রামের জনৈক আমজেদের দোকানের সামনে রাস্তার উপর ইতিপুর্বে এলাকার এক আসামী ধরার বিষয়কে কেন্দ্র করে কাওয়ালী গ্রামের মৃত রাজ্জাক গাজীর ছেলে জালাল গাজী গ্রাম পুলিশকে গালিগালাজ করতে থাকে। এ সময় প্রতিবাদ করলে জালাল গাজী গ্রাম পুলিশ দিলিপ কুমারকে মারপিট করে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গ্রাম পুলিশ দিলিপ রায় বাদী হয়ে জালাল গাজীর বিরুদ্ধে গতকাল সোমবার পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, থানার এসআই মোমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি জানিয়েছেন।
