মঠবাড়িয়ায় মসজিদ থেকে ধরে এনে কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা
মঠবাড়িয়া প্রতিনিধি :
পুর্ব শত্রতার জের ধরে জুম্মার নামাজের সময় মসজিদ থেকে বজলু আকন (৩৫) নামের এক কৃষককে ধরে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ চাকরীচ্যুত পুলিশ সদস্য (সিআইডি) কবির ও তার সহোদররা।
গুরুতর আহত বজলুকে সন্ধ্যায় মুসল্লীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে এলে অশংকাজনক অবস্থায় রাতে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। বজলু উপজেলার বুড়িরচর গ্রামের খালেক আকনের পুত্র।
এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার বুড়িরচর গ্রামের ব্যবসায়ী হাবিব খানের সাথে আপন চাচাত ভাই কবিরের (বরখাস্তকৃত পুলিশ সদস্য) দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে দু’পক্ষের মামলাও বিচারাধীন। কবিরের প্রতিপক্ষ হাবিবের প্রতিবেশী বজলু বিভিন্ন রকম সহযোগীতা করার অভিযোগ এনে শুক্রবার দুপুরে নামাজ শেষে মোনাজাতের সময় কবির, তার ভাই মামুন ও আজাদ মিলে ধরে এনে থারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখন করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান চৌধুরী জানান, রোগীর অবস্থা গুরুতর ও হাড়ে জখমের আশংকায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তরিকুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
