প্রধান সূচি

স্বরূপকাঠীতে জাতীয় শোক দিবস আওয়ামী লীগের পৃথক কর্মসূচি পালন

স্বরূপকাঠী প্রতিনিধি :

জাতীয় শোক দিবসে স্বরূপকাঠীতে আওয়ামী লীগের দুটি গ্রুপের পৃথক পৃথক র‌্যালী, আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর-১ আসনের সাংসদ একেএমএ আউয়াল অনুসারী একটি গ্রুপের নেতা কর্মীরা স্বরূপকাঠী উপজেলা প্রশাসনের আয়োজনের ব্যানারে এবং অপরটি পিরোজপুর-২ আসনের সাবেক সাংসদ অধ্যক্ষ মোঃ শাহ আলম অনুসারী নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এ কর্মসূচী পালন করতে দেখা গেছে।

আওয়ামী লীগের একটি গ্রুপ উপজেলা প্রশাসনের ব্যানারে এবং অপর একটি গ্রুপ উপজেলা আওয়ামীলীগের ব্যানারে কর্মসূচী পালন করার কারন জানতে চাইলে অধ্যক্ষ মোঃ শাহ আলম অনুসারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এস এম মুইদুল ইসলাম বলেন, আমি সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক। উপজেলা প্রশাসন আমাদের গ্রুপের কোন আওয়ামী নেতা-কর্মীকেই কর্মসূচীতে দাওয়াত দেননি। আমাদের সাথে সর্বদা বৈরী আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন।

জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ বলেন, আমি কোন গ্রুপ চিনিনা। জাতীয় শোক দিবস পালনে উপজেলা মিটিংয়ে রেজুলেশন হয়েছে। নিয়মানুযায়ি রেজুলেশনের কপি বাংলাদেশ আওয়ামী লীগ স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা শাখার সভাপতি ও সম্পাদক বরাবর পাঠানো হয়েছে। আমি যথাযথ নিয়ম পালন করেছি।

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে উপজেলা প্রশাসনের ব্যানারে একটি র‌্যালী বের হয়। র‌্যালীতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, এমপি আউয়াল বলয়ের নেতা-কর্মীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশ নেয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্ত্যব্য রাখেন, স্বরূপকাঠি পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহিউদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাহিদ হোসেন শহিদ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাভলু আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ।

অপরদিকে, সাবেক সাংসদ অধ্যক্ষ শাহ আলম অনুসারি উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকালে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এস এম মুইদুল ইসলাম, স্বরূপকাঠি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী যুগ্ন আহবায়ক মোঃ আল-আমীন পারভেজ এর নেতৃত্বে একটি বিরাট র‌্যালী বের হয়। র‌্যালীতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক শত নেতা-কর্মী অংশ গ্রহণ করেন। পরে বিকেলে উপজেলার ইন্দ্রেরহাট কলেজিয়েট একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial