শোক দিবসে পিরোজপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথক পৃথক কর্মসূচি
ষ্টাফ রিপোর্টার :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামী লীগের দুটি গ্রুপ পৃথক পৃথক ভাবে কর্মসূচি গ্রহন করেছে। আলাদা আলাদা ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালনে দুটি গ্রুপ গতকাল সোমবার শহরে মাইকিং করেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়াল এবং তার সেজ ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেকের নেতৃত্বে একটি গ্রুপ, অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার এবং এমপি একেএমএ আউয়ালের মেজ ভাই জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেকের নেতৃত্বে আরেকটি গ্রুপ পৃথকভাবে জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি পালনের লক্ষে দুই গ্রুপ শহরে পৃথক পৃথক ভাবে মাইকিং করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ ১৫ আগষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এমপি নেতৃত্বাধীন গ্রুপ শহরের সদর রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের নির্মানাধীন (পুরাতন) ভবনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোকর্যালীতে অংশগ্রহণ, কোরানখানী, দোয়া মোনাজাত এবং দুপুরে তবারক বিতরণের আয়োজন করেছে। এছাড়া আগামী ১৭ আগস্ট বিকেলে স্থানীয় টাউন ক্লাব মাঠে এ গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এ আলোচনা সভায় পধোন অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়াল। জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের এ গ্রুপের সার্বিক দায়িত্ব পালন করছেন এমপি আউয়ালের সেজ ভাই ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মুজিবর রহমান খালেক।
অন্যদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদারের আহবানে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেকের নেতৃত্বাধীন গ্রুপ ১৫ আগষ্ট সকালে শহরের পুরাতন পৌরসভা রোডের আওয়ামী লীগ কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোক র্যালীতে অংশ গ্রহণ, বেলা ১১ টায় কোরানখানী, দোয়া মাহফিল এবং দুপুর ২ টায় তবরাক বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। এ গ্রুপের উদ্যোগে ১৬ আগস্ট বিকেল ৩ টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী শ.ম. রেজাউল করীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, এডভোকেট মোস্তফা কামালসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য দিবেন বলে শহরে মাইকিং করা হচ্ছে।
১৫ আগষ্টকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচি গ্রহণের বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেক বলেন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারী হাকিম হাওলাদার মূল দল থেকে বের হয়ে আলাদা কর্মসূচি করছে। তিনি শোক দিবস পালনের জেলা কমিটির প্রস্তুতি সভা আহবানের জন্য দলের সভাপতির কোন অনুমতি নেন নি। তাকে ছাড়াই এবং নিজের পছন্দমত সদস্যদের নিয়ে প্রস্তুতি সভা করে ইচ্ছেমত সিদ্ধান্ত নিয়েছেন। আর ওই সভায় আমিসহ অনেককেই বলা হয়নি।
এ বিষয়ে কথা বলার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদারকে সোমবার সন্ধ্যায় তার মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি মিটিং আছেন এবং পরে ফোন দেয়ার কথা বলে লাইন কেটে দেন।
তবে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মদ জানান, জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষে মঙ্গলবার শহরের পৌরসভা রোডে আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণসহ পরদিন বুধবার বিকেলে টাউন ক্লাব মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এর বাইরে অন্য কেহ কোন কর্মসূচি করছে কিনা তা আমাদের জানা নেই।
এদিকে, জেলা আওয়ামী লীগের দুই গ্রুপের আলাদা আলাদা কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার আশংকা দেখা দিয়েছে। গতকাল সোমবার বিকেল থেকেই শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
পিরোজপুর সদর ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, শোক দিবস পালনের লক্ষে সকলকে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। শহরের বিভিন্ন পয়েন্টে আইন শৃংখলা বাহিনীর চেকপোষ্ট বসানো হয়েছে। শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ একাধিক মোবাইল টিম টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনার আশংকা নেই বলে তিনি জানান।
