প্রধান সূচি

কচুয়ায় ৩টি সরকারি দপ্তরে চোরের হানা

কচুয়া প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়া উপজেলায় ৩টি সরকারি দপ্তরে চোরেরা হানা দিয়েছে। সরকারি ছুটির দিন শনিবার দিবাগত রাতে এ হানা দেয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। দপ্তর গুলোর মধ্যে রয়েছে, কচুয়া উপজেলা ভূমি অফিস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা সমবায় অফিস। তবে এসব দপ্তরগুলোর গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অর্থ খোয়া যায়নি বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

কচুয়া উপজেলা সমবায় কর্মকর্তা দেবব্রত মিত্র বলেন, সকালে অফিসে এসে রুমের তালা ভাঙ্গা দেখে সন্দেহ হয় চুরির ঘটনা ঘটেছে। পরে অফিসের ভিতরে ঢুকে দেখা যায় আলমারি কেবিনেট ও টেবিলের ড্রয়ারের ভিতরের কাগজপত্র তছনছ। কিন্তু কোন মালামাল খোয়া যায়নি।

কচুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, চোরেরা আমার অফিসের তালা ভেঙ্গেছে। সবকিছু  তছনছ করেছে। তবে চোরেরা কিছু নিতে পারেনি।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসিফুর রহমান বলেন, তিনটি সরকারী অফিসের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে অফিসগুলোর আলমারি, কেবিনেট ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে ভিতরের কাগজপত্র তছনছ করেছে। তবে  কোন কাগজপত্র ও টাকা পয়সা খোয়া যায়নি। তিনি আরও বলেন, যেহেতু কোনকিছু খোয়া যায়নি তাই আমরা কোন অভিযোগ করি নি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবিরুল ইসলাম বলেন, আমি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ব্যাপারে কর্তৃপক্ষ কোন অভিযোগ করেন নি।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial