স্বরূপকাঠীর জগন্নাথকাঠি ভূতের বাড়ী এলাকায় গড়ে ওঠেছে ইয়াবা ব্যবসার অভয়ারণ্য
কন্ঠ রিপোর্ট :
জেলার স্বরূপকাঠী উপজেলার জগন্নাথকাঠি মৌলাবাড়ী ভূতের বাড়ী নামে পরিচিত এলাকায় মরন নেশা ইয়াবার ভয়াবহ ছোবলের বিস্তার লাভ করছে। দিনের বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলেই ওই এলাকায় ইয়াবা এখন সহজলভ্য বিষয় হয়ে দাড়িয়েছে। পুলিশ কয়েকবার ওই এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ীদের ধরে মামলা দিয়ে কোর্টে পাঠালেও তারা জামিন নিয়ে বের হয়ে পুনরায় এলাকায় এসে শুরু করে ইয়াবা ব্যবসা। এনিয়ে চিন্তিত হয়ে পড়ছে স্থানীয়রা। বিশেষ করে ওইসব এলাকার স্কুল-কলেজ পড়–য়া সন্তানদের অভিভাবকরা। চিন্তিত অভিভাবকরা বলছে মাঝে মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন দপ্তরের লোকেরা এলাকায় টহল দিতে আসছে। কিন্তু ইয়াবা ব্যবসায়ীরা অজ্ঞাত কারনে আগে থেকে তাদের সম্পর্কে জানতে পেরে দু‘একদিনের জন্য সটকে পড়ে গা ঢাকা দিয়ে দূরে থাকছে। যে কারনে কিছুতেই থামছে না ওই এলাকার ইয়াবা ব্যবসা। সন্ধ্যা থেকে গভীর রাত অবদি ওই সব এলাকায় চলে ইয়াবার বেচাকেনা।
স্বরূপকাঠী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী যেই হোক, পুলিশ তার বিরুদ্ধে। মাদকের বিরুদ্ধে অভিযান সর্বদা অব্যাহত আছে। তবে ওই এলাকা সম্পর্কে মাদক বেচা কেনার আপাতত তেমন কোন তথ্য পাইনি। এখন থেকে ওই এলাকা আমাদের বিশেষ নজরদারীতে থাকবে বলে ওসি জানান।
মৌলভি বাড়ীর বিদ্যালয় সংলগ্ন পুলের পাড়, বালীবাড়ীর ব্রিজ, আউরিয়া দোয়াতা পুল ও নীরবের পুল এলাকায় গভীর রাত পর্যন্ত ইয়াবা ব্যবসার মদদদাতা থেকে শুরু করে ব্যবসায়ী ও সেবীদের থাকে আনাগোনা।
এলাকাবাসীর অভিযোগ, এভাবে যদি এলাকায় চলতে থাকে তাহলে যুব সমাজেরা সহসাই মরণ ঘাতক নেশার অতল গহবরে তলিয়ে অচিরেই তারা ধ্বংসের পথে চলে যাবে। আর ক্রমেই এলাকাটি গড়ে উঠবে ইয়াবা ও গাজার স্বর্গরাজ্যে। তাদের অভিযোগ চিহ্নিত ওই ইয়াবা ব্যবসায়ীরা কতিপয় রাজনৈতিক নেতার সাথে একটা বুঁঝ ব্যবস্থা করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ কারনে এলাকাবাসীও সরাসরি মুখ খুলছে না ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে।
