মঠবাড়িয়ায় তিন নারীর লাশ উদ্ধার
মঠবাড়িয়া প্রতিনিধি :
জেলার মঠবাড়িয়ায় ১২ ঘন্টার ব্যবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২টি ও উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের পিতার বসতঘর থেকে একটিসহ তিন নারীর লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। উদ্দারকৃতরা হল, লাভলী বেগম (২৮), লাইজু আক্তার ছকিনা (২০) এবং জামিলা আক্তার (১৯)। উদ্ধারকৃত তিনটি লাশের ময়না তদন্তের জন্য মঙ্গলবার জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯ টার দিকে পার্শবর্তী পাথরঘাটা থানার খাশতাবক এলাকার মঞ্জুরুল আলমের মেয়ে লাভলী বেগম স্বামী মজিবরকে একমাস আগে তালাক দিয়ে প্রেমিক আল আমীনকে বিয়ে করতে চায়। এতে প্রেমিক আল আমীন রাজী না হওয়ায় সোমবার রাতে ঘরে থাকা চালের পোকা নিধনের ওষুধ খেয়ে অসুস্থ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এদিকে, সোমবার রাতে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের হানিফ মাতুব্বরের মেয়ে লাইজু আক্তার ছকিনার সন্তান না হওয়ায় স্বামী জাহাঙ্গীর হোসেনের নির্যাতন সইতে না পেরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে থানা পুলিশ পিতা হানিফ মাতুব্বরের বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর পলাতক রয়েছে।
ছকিনার মা মমতাজ বেগম জানান, বিয়ের চার বছর পরেও ছকিনার সন্তান না হওয়ার কারনে জামাই প্রায়ই মেয়ের ওপর নির্যাতন করতো।
অপর দিকে, মঙ্গলবার সকালে পৌর শহরের কাছিছিড়া গ্রামের বেকার স্বামী রফিকুল ইসলামের ওপর অভিমান করে জামিলা আক্তার পিতার বসত ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম ৩ নারীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
