ইন্দুরকানীতে উপজেলা আ’লীগের সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগ
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের যৌথ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগ করেছে দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের যৌথ সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ খালেক গাজীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মতিউর রহমান এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে “দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ, রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ, টিআর, কাবিখা” সহ বিভিন্ন প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা লোপাট করেছে বলে অভিযোগ করেন। তিনি অর্থ আত্মসাৎ করার কারণে ৩ মাস ধরে এ উপজেলার কোন দলীয় কার্যক্রমে অংশ গ্রহণ করেননি বলে অভিযোগ করেন। তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিন, সাইদুর রহমান, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক লাভলু, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান হাওলাদার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আঃ রশিদ হাওলাদার, উপজেলা মহিলালীগের সভানেত্রী দিলরুবা মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন হাওলাদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা আঃ মজিদ বিকম, মাহাবুব আলম ফকির প্রমুখ।
পরে ১৫ আগষ্ট উদ্যাপন উপলক্ষে তারা বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতির দুর্নীতির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান জানান, আওয়ামী লীগের যৌথ সভায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সভাপতির বিষয়ে বিভিন্ন দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগ তুলেন।
সভায় আওয়ামী লীগ সভাপতি উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে আনীত দুর্নীতির বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে এডভোকেট এম. মতিউর রহমান এ বিষয়ে তিনি বলেন, অনেকের বিরুদ্ধেই অনেকে এভাবে অভিযোগ করে। এর কোন ভিত্তি নেই।
