মংলায় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান || বিএনপির আন্দোলন করার সাধ্য নেই
কামরুজ্জামান, বাগেরহাট :
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নির্বাচন খুব শীঘ্রই। নির্বাচন নিয়ে অনেক কথা বার্তা হচ্ছে, মেরুকরণ হচ্ছে, অনেকে জোট গঠন করছেন, এটাই গণতান্ত্রিক ধারা। বিএনপি বলতে চায় তারা বৃহৎ দল। বৃহৎ দল হলে নির্বাচনে আসেন না কেন। তারা কখনও বলেন, সহায়ক সরকার, কখনও বলেন শেখ হাসিনার অধিনে নির্বাচনে যাব না, আবার নির্বাচনের প্রক্রিয়া চালান, তাদের প্রার্থীও ঠিক করে চলেছেন, তবে তারা কি করবেন সেটি তাদের ব্যাপার। আসল কথা হল বিএনপি একটি কুজো দলে পরিণত হয়েছে। আন্দোলন আন্দোলন বলছে, তবে আন্দোলন করার সাধ্য তাদের নেই।
শনিবার দুপুরে মংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, এই মংলা বন্দর আরো অনেক উন্নত হবে। পদ্মা সেতু সম্পন্ন হলে এই বন্দর হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চের মধ্যে একটি শ্রেষ্ঠ বন্দর। নেপাল, ভুটান ও ভারত এ বন্দর ব্যবহার করবে। সেই ধরণের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।
পরে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মংলা বন্দর উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠক।
বৈঠকে বন্দর ব্যবহারকারীরা কাস্টমসের নানা অনিয়ম ও হয়রানীর বিষয়টি তুলে ধরলে মন্ত্রী ব্যবসায়ীদের সন্তষ্ট রেখে কাস্টমস কর্র্তৃপক্ষকে সঠিকভাবে সেবা প্রদান ও খুলনা থেকে মংলা কাস্টমস হাউসকে দ্রুত মংলায় স্থানান্তরের নির্দেশ দেন। এছাড়া বন্দরের চলমান নানা ধরণের উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও ব্যাপক আলোচনা হয়।
বন্দর উপদেষ্টা কমিটির এ বৈঠকে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৩ (মংলা-রামপাল) আসনের সংসদ সদস্য আলহাজ তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন, সাবেক হুইপ ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশিদ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান ও মংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার এনামুল হকসহ বন্দর উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা।
পরে বিকেল ৪ টায় মন্ত্রী দিগরাজে মংলা বন্দর ও পৌর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে নির্মিত মংলা বন্দর পৌর ট্রাক টার্মিনালের উদ্বোধন করেন। এসময় পৌর মেয়র মোঃ জুলফিকার আলীসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল সাড়ে ৩ টায় নৌ মন্ত্রী শাজাহান খান বন্দরের শিল্প এলাকার বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলস পরিদর্শন করেন।
