নাজিরপুরে সরকার দলীয়দের বিরুদ্ধে সওজ’র জায়গা দখলের অভিযোগ
ফিরোজ মাহমুদ, নাজিরপুর :
নাজিরপুরে সরকার দলীয়দের বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় যুবলীগের নেতৃত্বে সেখানে ২টি ঘর তোলা হয়েছে। তাদের দেখাদেখি আরো কিছু লোক সওজ’র জমি দখল করে ঘর তোলার পায়তারা করছে।
সরেজমিনে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের অধীনে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার মাটিভাঙ্গা বাজার এলাকার রাস্তার দু’পাশ ও এর ঢাল দখল করে তৈরী করা হচ্ছে দোকান ঘর। গত মঙ্গল ও বুধবার ২ দিন ধরে ওই এলাকার বাজার সংলগ্ন গার্ডার সেতুর উত্তর প্রান্তের পূর্ব পাশের সেতুর এ্যাপ্রোচ সড়ক দখল করে কাঠের ২টি ঘর তৈরী করছেন ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ বেদার ফরাজী ও মাটিভাংগা ইউনিয়ন যুবলীগের সদস্য নান্নু শেখ ও আইয়ুব আলী ফরাজী নামের ৩ নেতা। এছাড়া সম্প্রতি ওই সড়কের পশ্চিম পাশের পুরাতন বেইলী ব্রীজের মুখেই সড়ক ও জনপথের সড়ক দখল করে দোকান ঘর তৈরী করে ভাড়া দিয়েছেন ওই ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আব্দুর রশিদ ও স্থানীয় ব্যবসায়ী মোহাম্মাদ আলী শেখ।
স্থানীয়রা অভিযোগ করে জানান, গত ৩ মাস আগে মাটিভাঙ্গা বাজার সংলগ্ন বেইলি সেতুর পাশে নবনির্মিত গার্ডার সেতুটি দিয়ে যানবাহন চলাচল করে আর পুরাতন বেইলি সেতু দিয়ে পথচারীরা চলাচল করে। কিন্তু সম্প্রতি এ সেতুর মুখে দোকান ঘর তৈরী করায় পথচারীদের চলাচলে বিঘ্ন হচ্ছে।
মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শামিম হাসান রুনু জানান, ওই ব্রীজের পূর্ব পাশে তার পিতা অধ্যক্ষ লোকমান হাকিমের নামে থাকা ৬৮শতাংশ জায়গার ৬০ শতাংশই সড়ক ও জনপথ বিভাগ রাস্তা সম্প্রসারণ ও সেতু নির্মাণের কাজে অধিগ্রহণ করেন। দখলকারীরা ওই অধিগ্রহণ করা এ্যাপোচ সড়কের ঢালে সওজ’র জায়গায় ঘর তৈরী করে তার (রুনু) জায়গা ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
রাস্তার পূর্বপাশের এ্যাপ্রোচ সড়ক দখল করে ঘর তৈরীর ব্যাপারে যুবলীগ নেতা বেদার আলী ফরাজীর কাছে জানতে চাইলে তিনি জানান, ইউনিয়ন যুবলীগের অফিসের কাজে এ ঘর নির্মাণ করা হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, সড়কের উপর তৈরী ঘর সরিয়ে নিতে শীঘ্রই চিঠি দেয়া সহ এ মাসের মধ্যেই অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে ফেলা হবে।
