নাজিরপুরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
ফিরোজ মাহমুদ, নাজিরপুর :
নাজিরপুরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ৫ নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল একটি সূত্র জানান, উপজেলা ছাত্রদলের বর্তমান আহবায়ক কমিটি গঠণের পর থেকেই বিভিন্ন ইউনিট কমিটি গঠণ নিয়ে উপজেলা ছাত্রদলের কমিটিতে থাকা উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ও সম্পাদক এবং সাবেক সভাপতি ও সম্পাদক অনুসারীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান লায়েক বিভিন্ন ইউনিট কমিটি গঠনের পূর্বে উপজেলা বিএনপির বর্তমান সভাপতি নজরুল ইসলাম খানের মতামত ও নির্দেশনা নিয়ে কমিটি গঠনের জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অধিকাংশ নেতা-কর্মীরা এর বিরোধীতা করে উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান খানের পরার্মশে দলের গঠনতন্ত্র অনুযায়ি ইউনিট কমিটি গঠন প্রক্রিয়া শুরু করলে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান অনুসারীরা কোনঠাসা হয়ে পড়ে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান দুলাল ও সাধারণ সম্পাদক আবু হাসান খানের নিয়ন্ত্রণে চলতে থাকে উপজেলা ছাত্রদলের কার্যক্রম।
গত কয়েক দিন ধরে উপজেলার ৬টি স্কুলে ছাত্রদলের কমিটি গঠণের প্রস্তুতি নেয়া হলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান লায়েক কমিটি গঠণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ঘটনার প্রতিবাদ করায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজেদুল কবির রাসেলকে উপজেলা সদরের মাসুম খানের মোবাইলের দোকানের সামনে পেয়ে তার সাথে অশোভন আচরণ করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান লায়েক। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে আহবায়ক রাসেল সমর্থকরা সদস্য সচিব লায়েককে উপজেলা সদরের পূবালী ব্যাংকের সামনে পেয়ে বেধম মারধর করে। এ সংবাদ পেয়ে লায়েক সমর্থকরা আহবায়ক রাসেল সমর্থকদের ওপর আক্রমন করতে উপজেলা সদরে জড়ো হলে আহবায়ক রাসেল সমর্থকরা পুনরায় লায়েক সমর্থকদের ওপর হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান লায়েক ছাড়াও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন, যুবদল নেতা মিজানুর রহমান খান, ছাত্রদল নেতা ইয়ান সরদার ও তারেক আব্দুল্লাহ বাপ্পি আহত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজেদুল কবির রাসেল মারধরের কথা অস্বীকার করে জানান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লায়েক তার সঙ্গে অশোভন আচরন করায় কয়েকজন কর্মী এ ঘটনার প্রতিবাদ করেছে মাত্র।
এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান লায়েকের সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান, সংবাদ পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।
