বর্তমান সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের ব্যবস্থা করে যাচ্ছে … আ ক ম মোজাম্মেল হক
বাগেরহাট প্রতিনিধি :
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমান সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি আবাসনের ব্যবস্থা করবে। কোনও মুক্তিযোদ্ধাকে আর গৃহহীন থাকতে হবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজনীতিতে যথেষ্ট দূরদর্শী এবং সহনশীল। তিনি দেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করেছেন।
বুধবার বাগেরহাটের শরনখোলা ও কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে মন্ত্রী মোজাম্মেল হক বাগেরহাটের মোড়েলগঞ্জে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে পথসভায় বক্তব্য রাখেন। এসময় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডা. মোজাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ রায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম সানা, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খালেক খান প্রমুখ।
অপরদিকে, এদিন বিকেলে বাগেরহাট জেলার কচুয়া উপজেলা সদরে অনুরুপ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট মীর শওকাত আলী বাদশা, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হাজরাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এদিন সন্ধ্যায় বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা মুক্তিযোদ্ধ কমান্ডার মোঃ শাহিনুল আলম ছানার সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সমাবেশে বক্তব্য রাখেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রকল্পের” আওতায় শরণখোলা ও কচুয়ায় ৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এই ভবন দুটির নির্মান কাজ বাস্তবায়ন করা হয়েছে।
