প্রধান সূচি

আগামীকাল পিরোজপুরে মেজর জিয়ার জানাজা ও দাফন

কন্ঠ রিপোর্ট :
আগামী কাল সোমবার পিরোজপুরে মুক্তিযুদ্ধের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার সদ্য প্রয়াত মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুম পিতা-মাতার পাশে দাফন করা হবে। তাঁর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জোহর নামাজবাদ মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকালে ঢাকা থেকে মেজর জিয়ার মরদেহ পিরোজপুরে এসে পৌঁছবে। এরপর প্রথমে পিতার নামে তাঁর প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজে এবং পাড়েরহাট সড়কের বাসভবনের তার মরদেহ নেয়া হবে।
এরপর পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান থাকা কালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ রাখা হবে।
এসব কর্মসূচি সফল করতে পিরোজপুরের পৌর মেয়র মোঃ হাবিুবর রহমান মালেকের নেতৃত্বে একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে। গত দু’দিন শহরবাসী মেজর জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের জন্য কালো ব্যাজ ধারণ করছেন। নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে পিরোজপুরসহ বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, গোপালগঞ্জ জেলাসহ দক্ষিণাঞ্চল থেকে মেজর জিয়ার হাজার হাজার শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন, মুক্তিযোদ্ধা জানাজায় অংশগ্রহণসহ মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সোমবার পিরোজপুরে সমবেত হবেন। তাঁর শেষকৃত্যে মরহুমের ভাইয়ের ছেলে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ দক্ষিণাঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন।

আরও শোক প্রকাশ
মেজর জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ অব্যহত রয়েছে। কক্সবাজার মৎস্যজীবি ফাউন্ডেশনের সভাপতি মো. আশরাফ হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এক শোকবার্তায় জানিয়েছেন দুবলা ফিশার মেন গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে উপকূলের মৎস্যজীবিরা খুবই শোকাহত ও ক্ষতিগ্রস্ত। ২৫ বছর ধরে দুবলার চরসহ সুন্দরবনের মৎস্যজীবিদের কল্যাণে মরহুমের অবদান ছিল বিশাল। তিনি দুবলার চরে জেলেদের খাবার পানির জন্য দীঘি খনন, সাইক্লোন শেল্টার নির্মাণ, জলদস্যু দমন, হিন্দুদের রাসমেলা ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে ভূমিকা রেখে ছিলেন তা দৃষ্টান্তহীন।
বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাবেক সভাপতি নূরদিদা খালেদ রবি, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদুল হক চাঁন, দিশারী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামসুদ্দোহা মিলন, যুক্তরাষ্ট্র প্রবাসী মুনির হোসেন প্রমুখ মেজর জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এছাড়া পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম শোক প্রকাশ করেছেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial