প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অমর সাহাকে সম্মাননা দিল পিরোজপুর প্রেসক্লাব
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন কোষাধ্যক্ষ দৈনিক প্রথম আলো পত্রিকার কলকাতা প্রতিনিধি অমর সাহাকে সম্মাননা প্রদান করেছে পিরোজপুর প্রেসক্লাব।
মঙ্গলবার বিকেলে স্থানীয় গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরাফত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্জ মোঃ হাবিবুর রহমান মালেক।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার পটভূমি স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সম্মাননা গ্রহণকারী প্রখ্যাত সাংবাদিক পিরোজপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অমর সাহা।
অনুষ্ঠানে অমর সাহা’র হাতে প্রেসক্লাবের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরাফত হোসেন ও বিশেষ অতিথি পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্জ মোঃ হাবিবুর রহমান মালেকসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে প্রেসক্লাবের সুবর্ন জয়ন্তীর স্মারক উপহার দেয়া হয়।
পিরোজপুর প্রেসক্লাবের সুবর্ন জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর নাগরিক সমাজের প্রতিনিধি সনাক সভাপতি এডভোকেট এম এ মান্নান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর সেখ সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মোঃ আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ রব্বানী ফিরোজ, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, আব্দুর রাজ্জাক মুনান, এডভোকেট শহিদুল্লাহ খান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সুবর্ন জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মুনিরুজ্জামান নাসিম, সদস্য সচিব এস এম পারভেজ, জেলা শিল্পকলা একাডেমী’র সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করীম মন্টু, ঢাকাস্থ মানবাধিকার পত্রিকার সম্পাদক রিয়াজ আহম্মেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিরিনা আফরোজ।
