নাজিরপুরে যুবলীগ নেতার বাড়িতে প্রেমিকার অনশন
নাজিরপুর প্রতিনিধি :
নাজিরপুরে প্রেমিকের দেয়া বিয়ের প্রতিশ্রুতি পুরণের দাবিতে যুবলীগ নেতার বাড়িতে তার প্রেমিকা আমরণ অনশন শুরু করেছে। কথিত প্রেমিক বিয়ে না করার প্রত্যয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
জানা গেছে, উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর গ্রামের রুস্তুম আলীর ছেলে রাশেদুল ইসলাম মনিরের বাড়িতে গত ২ দিন ধরে বিয়ের দাবীতে আমরণ অনশন করছে তার প্রমিকা পরিচয়ে এক যুবতী। রাশেদুল ইসলাম মনির ওই ইউনিয়ন যুবলীগের সদস্য।
শনিবার সরেজমিনে ওই যুবলীগ নেতার বাড়ীতে গেলে অনশনরত ওই যুবতী জানান, তার বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারের পাড় গ্রামে। তিনি উপজেলার বৈঠাকাটা কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়নকালে গত ৭ বছর আগে যুবলীগ নেতা মনিরের সাথে তার প্রেমের সর্ম্পক হয়। এক পর্যায়ে মনির বিয়ের প্রলোভন দিয়ে তাকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার দৈহিক মেলামেশা করে। কিন্তু বিয়ে না করায় মেয়েটিকে তার পরিবার অন্যত্র বিয়ে দিলেও যুবলীগ নেতা মনির তাকে সেখান থেকে ফুসলিয়ে বিয়ের কথা বলে নিয়ে আসে। সম্প্রতি মনির অন্যত্র বিয়ে করবে এমন খবর পেয়ে গত শুক্রবার সকাল ৯ টায় মেয়েটি ওই যুবলীগ নেতার বাড়িতে অবস্থান নিয়ে আমরণ অনশন করছে। ওই যুবতী আরো জানান, ওই বাড়িতে অবস্থান নেয়ার পর শুক্রবার রাতে যুবলীগ নেতা মনিরের মা, ভাবী (ভাইয়ের স্ত্রী) ও বোন তাকে বাড়ি থেকে বের করে দেয়ার উদ্দেশ্যে বেধম মারপিট করে।
যুবতী বলেন, সরলতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মনির আমার সবকিছু লুটে নিয়েছে এবং আমার অন্যত্র বিয়ে হলেও সে সংসার ভেঙ্গে সেখান থেকেও আমাকে নিয়ে এসেছে। এখন আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আমার আর কোন পথ নেই। তারা এই বাড়ী থেকে আমাকে বের করে দেয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু আমাকে জীবিত এখান থেকে বের করতে পারবেনা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি ধামাচাপা দিয়ে মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র করছে স্থানীয় একটি প্রভাবশালী দালাল চক্র। তাছাড়া প্রশাসন বিষয়টি জেনেও কোন ইতিবাচক পদক্ষেপ নেয়নি বলে জানান স্থানীয়রা।
অভিযুক্ত যুবলীগ নেতা মনিরের বড় ভাই আলাউদ্দিন বলেন, মেয়েটির সাথে আমার ভাইয়ের কোন সর্ম্পক নাই। প্রতিপক্ষরা আমাদের হয়রানি করার উদ্দেশ্যে মেয়েটিকে আমাদের বাড়ীতে তুলে দিয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, তিনি এ ব্যাপারে এখনো কারো কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনী ব্যাবস্থা নেয়া হবে।
