মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় স্বামীসহ ৭জনের বিরুদ্ধে মামলা
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের কাতার প্রবাসী নাসিরের স্ত্রী আসমা বেগম (৩৫)কে পরিকল্পিত ভাবে খুনের দায়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে পুলিশ নিহতের ননদ ফিরোজা বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার রাতে নিহতের মামা জালার মৃধা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় এ মামলা দায়ের করেছেন। মামলায় নিহতের স্বামী নাসির খান (৪০), ননদ ফিরোজা বেগম (৪৮), ননদের ছেলে ফয়সাল (২৫), ননদ-জামাই সালাম মুন্সি (৬৫) সহ ৭জনকে আসামী করা হয়। এদিকে শুক্রবার সকালে পিরোজপুর জেলা মর্গে নিহত আসমার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানাযায়, আসমা নিঃসন্তান হওয়ায় প্রবাসী স্বামী নাসিরের নির্দেশে তার বোন, বোনের জামাই ও ছেলেরা মিলে পরিকল্পিতভাবে গত মঙ্গলবার সন্ধ্যায় হত্যা করে ঘরের আড়ার সাথে লাশ ঝুলিয়ে ঘর তালাবন্ধ করে রাখে। ঘটনার দু’দিন পর বৃহস্পতিবার বিকেলে ননদ ফিরোজা বেগম দরজা খুলে পুলিশকে পঁচাগলা লাশ দেখিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারনা চালানোর চেষ্টা করে।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস. আই মোঃ মজিবুর রহমান জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ননদকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে থানা পুলিশ উপজেলার আঙ্গুলকাটা গ্রামের আবদুল লতিফ খানের পুত্র নাসির খানের তালাবন্ধ ঘর থেকে তার স্ত্রী আসমা বেগমের পঁচাগলা লাশ উদ্ধার করে।
