প্রধান সূচি

দুই কিশোরের চুল কেটে দেয়ার ঘটনায়

মঠবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বতন্ত্র এমপি কর্তৃক সাংবাদিক ও যুবলীগ নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে যুবলীগের সমাবেশে যোগ দেয়ায় স্কুল ছাত্রসহ দুকিশোরকে মারধর এবং মাথার চুল কাটার চাঞ্চল্যকর ঘটনায় মামলা হয়েছে।

ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ভয়ে দুপরিবারের কেউ বাদী হতে সাহস না পাওয়ায় প্রতিবেশী ও স্থানীয় ছোটহারজী গ্রামের হাসেম খানে ছেলে সৌদি প্রবাসী মোঃ নুরনবী আদনান ঘটনার দুদিন পরে বুধবার সন্ধ্যায় থানায় মামলাটি দায়ের করেন।

শিশু আইন-২০১৩ এর ৭০ এবং শিশুর প্রতি নিষ্ঠুরতার অপরাধে দায়ের করা মামলায় এমপি ডা. রুস্তম আলী ফরাজীর সমর্থক ও মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ চার জনকে আসামী করা হয়।

আসামীরা হলেন, উপজেলার ঘোপখালী গ্রামের আয়নাল হকের ছেলে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাভলু তালুকদার, ওয়াহেদাবাদ গ্রামের মোঃ চুন্নু জমাদ্দারের ছেলে মামুন জমাদ্দার, কালু জমাদ্দারের ছেলে বেল্লাল জমাদ্দার ও শাহজাহান জমাদ্দারের ছেলে মহিবুল্লাহ জমাদ্দার।

মামলা সূত্রে জানা যায়, গত ১০ জুলাই সোমবার বিকেলে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ ফরাজী তার এক সমর্থককে দিয়ে সকালের খবরের সিনিয়র রিপোর্টার সাংবাদিক আজমল হক হেলাল ও স্থানীয় যুবলীগ নেতা নুরুল আমিন রাসেল এর বিরুদ্ধে মামলার দায়ের করানোর প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে দশম শ্রেণীর স্কুল ছাত্র ফেরদৌস (১৫) ও কিশোর মিরাজ (১৩) যোগ দেয়। ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ওই দুই কিশোর স্থানীয় কাটাখালী বাজারে আসলে লাভলুর নেতৃত্বে আসামীরা ওই  দুকিশোরকে মল্লিক বাড়ির রাস্তার নিয়ে প্রকাশ্যে মারধর করে মাথার চুল কেটে আনন্দ উল্লাস করে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial