পাইকগাছা পৌরসদরে ইজিবাইক প্রবেশে বাধা
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের বাধার কারণে পৌর সদরে ঢুকতে পারছেন না ইজিবাইক চালকরা। পৌর অভ্যন্তরে প্রবেশদ্বার তেলপাম্প সংলগ্ন এলাকায় বাস শ্রমিকদের বাধার সম্মুখিন হচ্ছেন ইজিবাইক চালকরা। বাধার কারণে গত ৪ দিন যাবৎ বিপাকে রয়েছেন তারা। বর্তমানে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। বাস শ্রমিকদের বাধা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের কর্মকর্তাদের স্বরণাপন্ন হয়েছেন ঐক্যবদ্ধ ইজিবাইক চালকরা।
উল্লেখ্য, পাইকগাছা কপিলমুনি সড়কে প্রায় শতাধিক ইজিবাইক চলাচল করে থাকে। ইজিবাইক শতাধিক পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। বর্তমানে বাস শ্রমিকদের বাধার কারণে ইজিবাইকের কিস্তি পরিশোধ নিয়ে মহাবিপাকে রয়েছেন চালকরা। বৃহস্পতিবার বিকালে শতাধিক চালক ইজিবাইক নিয়ে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিষয়টি নিরসনে এমপি’র হস্তক্ষেপ কামনা করেন। পরে সংসদ সদস্য দু’পক্ষকে সাথে নিয়ে বিষয়টি নিরসন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান ও ওসি আমিনুল ইসলাম বিপ্লবকে নির্দেশ দেন।
এসময় ইজিবাইক চালকদের মধ্যে উপস্থিত ছিলেন, রাসেল, কামরুল ইসলাম, মোরসেদ, হাবিবুর রহমান, ফজলু ও আছাদুল ইসলাম।
