কাউখালীতে জমে উঠছে চাক জালের হাট
কাউখালী প্রতিনিধি :
বর্ষার মৌসুমে জোয়ারের পানিতে ভেসে আসে প্রচুর মাছ। আর এই মাছ ধরার প্রধান মাধ্যম হচ্ছে জাল। বর্ষা মৌসুমে মাছ ধরার জন্য জালের চাহিদা বেড়ে যায়। কিশোর, যুবক, বৃদ্ধসহ ও জেলেরা মেতে ওঠে মাছ ধরায়। আর মাছ ধরার জন্য সবাই ব্যবহার করেন বিভিন্ন মাছ ধরার ফাঁদসহ বেশ কয়েক রকমের জাল। এসব জালের মধ্যে রয়েছে বড় জাল, চাক জাল, ধর্মজাল, খড়া, ঢেলাজাল ও ঝাঁকিজালসহ আরও কত কী!
কাউখালীতে তাই বর্ষায় চাক জালে বিক্রির হিড়িক পড়েছে। চিকন সুতা ও বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। চাকার মতো ঘোরানো যায়, তাই এর নাম চাক জাল। বর্ষা মৌসুমে উপকূলীয় এলাকার বিভিন্ন হাটবাজারে এ জালের বেচাকেনা হয়।
এ কারণে পিরোজপুরের কাউখালী দক্ষিন বাজারে প্রতি সোম ও শুক্রবার বসছে জালের হাট।
জাল কিনতে আসা বাশুরী গ্রামের সবুজ বলেন, চাক জাল দিয়ে শুধু চিংড়ি মাছ ধরা হয়। বর্ষা মৌসুমে ধান ক্ষেতে ও ছোট নালায় প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ ধরার জন্য চাক জালের ব্যাপক চাহিদা রয়েছে।
