স্বামীর নির্যাতন সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা
মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসী স্বামীর নির্যাতন সইতে না পেরে মাসুমা আক্তার (৩২) নামের দুই সন্তানের জননী গতকাল শুক্রবার রাতে চালের পোকা নিধণের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মাসুমার লাশ উদ্ধার করে আজ শনিবার দুপুরে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে। নিহত মাসুমা উপজেলার ছোট শিংগা গ্রামের সৌদি প্রবাসী মিরন আকনের স্ত্রী ও বুখইতলা বান্ধপপাড়া হাবিব মুন্সির মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটশিংগা গ্রামের ইস্কান্দার আকনের ছেলে মিরনের সাথে দীর্ঘ ১৪ বছন আগে মাসুমার বিয়ে হয়। গত ৮ বছর আগে মিরন সৌদি আরবে যায়। সৌদি থেকে পাঠানো টাকা নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত ২ মাস আগে মিরন সৌদি থেকে দেশে আসলে শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পাঠানো টাকা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মিরন স্ত্রী মাসুমাকে মারধর করে। এতে মাসুমা ক্ষুব্ধ হয়ে শুক্রবার গভীর রাতে ঘরে থাকা চালের পোকা দমনের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের স্বজনরা তাকে গুরুতর অবস্থায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
নিহতের মা মাজেদা বেগম জানান, আমার মেয়েকে প্রায়ই মিরন মারধর করতো। ওই নির্যাতন সইতে না পেরে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে বলা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।
