সুন্দরবনে বনদস্যু গুরু বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার-২
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে বনদস্যু গুরু বাহিনীর প্রধান গুরুসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে দেশি তৈরি ৫টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বুধবার বেলা ১২টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন নন্দবালা খাল এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা গুরু বাহিনীর প্রধান মোঃ আনিস মোল্লা ওরফে গুরু (৩৪) এবং তার সহযোগী আকরাম সানা (৩৫) গ্রেফতার করে। এদের বাড়ি বাগেরহাটে।
আটকৃতদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি একনলা বন্দুক, দুটি দোনলা বন্দুক, একটি এলজি ও ৬৩ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, সম্প্রতি মোঃ আনিস মোল্লা ওরফে গুরু নামে এক যুবক ৬/৭ জনকে নিয়ে একটি দস্যু বাহিনী গড়ে তোলেন। গুরু নামে এই বাহিনীটি বেশ কিছুদিন ধরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অল্প কিছু এলাকায় চাঁদাবাজি করছিল বলে জেলেরা অভিযোগ করে। বুধবার জেলেদের কাছ থেকে খবর পেয়ে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন নন্দবালা খাল এলাকায় বনের উপর নির্ভরশীল জেলে নৌকায় চাঁদাবাজির প্রস্তুতি নিচ্ছে সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গুরু বাহিনীর প্রধান আনিস মোল্লা ওরফে গুরু ও তার অন্যতম সহযোগী আকরাম সানাকে গ্রেপ্তার করে। তাদের নৌকায় তল্লাশী চালিয়ে ৫টি দেশি অস্ত্র ও ৬৩টি গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাহিনী গঠন করে চাঁদাবাজির কথা স্বীকার করেছে বলে দাবি করেন ওই র্যাব কর্মকর্তা।
