চিতলমারীতে ইয়াবাসহ র্যাব সদস্য গ্রেপ্তার
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে পাঁচশ পিস ইয়াবাসহ আজমীর মোল্লা নামে (৩০) এক র্যাব সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার রাতে চিতলমারী উপজেলার কালশিরা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। র্যাব সদস্য আজমীর মোল্লা বর্তমানে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নে (র্যাব-৮) কর্মরত রয়েছেন। তিনি সোমবার ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসছিলেন। চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আহাদ বাদী হয়ে র্যাব সদস্য আজমীর মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। আজমীর চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের কলিগাঁতি গ্রামের মোল্লা নুরুল ইসলামের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম জানান, সোমবার র্যাব-৮ এ কর্মরত পুলিশ সদস্য আজমীর মোল্লা দুই দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে আসছিলেন। তিনি ইয়াবার একটি চালান নিয়ে মোটর সাইকেলযোগে চিতলমারীতে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চিতলমারী-ডুমুরিয়া সড়কের কালশিরা এলাকায় অবস্থান নেয়। আজমীর মোল্লা কালশিরা এলাকায় পৌছলে তার মোটর সাইকেলের গতিরোধ করে তার ব্যাগে তল্লাসি চালিয়ে তিনটি পলিথিনের ব্যাগে রাখা পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সদস্য আজমীর র্যাবে যোগদানের পর থেকে নিজ এলাকা চিতলমারীতে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা শুরু করেন বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে গোপন তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে আজমীরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
