ফলোআপ
স্বরূপকাঠি স্কুল ছাত্রীকে তুলে আনার অভিযোগে সেই ইউপি সদস্য গ্রেফতার
স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠির আরামকাঠি গ্রামে ৭ম শ্রেনীর ছাত্রীকে জোর করে তুলে এনে নিজের পালিত ক্যাডারের সাথে বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে জলাবাড়ি ইউপি সদস্য মো. নকিতুল্লাহকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে নকিতুল্লাহকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
জানাগেছে, ওই ছাত্রীর মামা মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ইউপি সদস্য নকিতুল্লাহ ও তার ক্যাডার কথিত প্রেমিক হাফিজুর রহমানসহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
প্রসংগত, ইউপি সদস্য নকিতুল্লার নেতৃত্বে গত শনিবার রাতে ওই স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে এনে বাল্য বিয়ে দেয়ার চেষ্টা করা হয়। তারপর শনিবার নকিতুল্লার বাড়ি থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় ওই ছাত্রীটির একমাত্র আশ্রয়দাতা মামা সাইফুল ইসলাম ও ইউপি সদস্য নকিতুল্লাহ পুলিশের সাথে থানায় আসেন। ছাত্রীটির মামা সাইফুলের অভিযোগে পুলিশ নকিতুল্লাহকে গ্রেফতার করে সোমবার কোর্টে চালান করেন।
